সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসান ও অমিত হাসান শিপনকে পাঁচ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল বৃহস্পতিবার এ রিমাণ্ড মঞ্জুর করেন।

নাহিদ হাসান সাতক্ষীরা শহরতলীর ইটাগাছার গিয়াসউদ্দিনের ছেলে ও অমিত হাসান শিপন একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা ও সদর থানার এসআই আলমগীর হোসেন জানান. কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পুলিশ মঙ্গলবার কালিগঞ্জ উপজেলার শুইলপুর গ্রাম থেকে নাহিদ ও শিপনকে গ্রেপ্তার করে। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমাণ্ড আবেদন জানানো হয়।

বৃহষ্পতিবার উভয়পক্ষের শুনানী শেষে বিচারক প্রত্যেককে পাঁচ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে ০৩ অক্টোবর রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করে। এঘটনায় মামলার প্রধান আসামী নাহিদসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।