সাতক্ষীরার কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়ে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা।

দুর্গাপূজা ঘিরে প্রতি বছরই নতুন কোন শিল্পকর্ম নিয়ে হাজির হন এখানকার প্রতিমাশিল্পী ও পূজা আয়োজকরা। এরই ধারাবাহিকতায় এবার দেশীয় খাদ্যশস্য সাদা তিলের আবারণে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। অভিনব এই শিল্পকর্ম ইতোমধ্যে দর্শনার্থীদের নজর কেড়েছে।

কলারোয়া পৌরসভার উত্তর মুরারীকাটি পালপাড়া সার্বজনীন পূজামন্ডপে মোট ১৬টি প্রতিমা তৈরী করা হয়েছে। প্রতিটি প্রতিমার গায়ে বিশেষ পদ্ধতিতে বসানো হয়েছে সাদা তিল। প্রতিমাগুলোতে প্রায় ২৫ কেজি সাদা তিল ব্যবহার করা হয়েছে বলে জানান আয়োজকরা।
২০২৩ সালে চিনিগুঁড়া ধান দিয়ে এবং ২০২৫ সালে সোনালী আঁশ ব্যবহার করে প্রতিমা তৈরি করে চমক সৃষ্টি করেছিল পালপাড়ার এই পূজা মন্ডপটি। তারই ধারাবাহিকতায় এবার সাদা তিলের মোড়কে প্রতিমা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিমাগুলো তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সেগুলোর শরীরে আঠা দিয়ে এক একটি সাদা তিল বাসানো হয়েছে।

প্রতিমা শিল্পী খুলনা পাইকগাছার কপিলমুনির প্রহ্লাদ বিশ্বাস জানান, প্রতিমা তৈরি, তিল বসানো ও রঙের কাজ শেষ করতে সব মিলিয়ে ১৫দিন সময় লাগছে।

পুজা মন্ডপ কমিটির কোষাধ্যক্ষ অশ্বিন পাল জানান, এবার প্রতিমা তৈরি ও পূজামন্ডপ সজ্জাসহ সব মিলিয়ে ৫ লক্ষ টাকার বেশি খরচ হবে।
তিনি বলেন, পাটের আঁশ দিয়ে প্রতিমা তৈরির পর এবারও নতুন কিছু করার পরিকল্পনা নেওয়া হয়। পূজা মন্ডপের দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে সাদা তিলের প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

পূজা মন্ডপের কমিটির নেতা শিক্ষক প্রদীপ পাল জানান, সকলের প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই এই ব্যতিক্রমী কাজ সম্ভব হয়েছে।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু প্রকাশ হালদার জানান, এ বছর কলারোয়ায় ৪৬টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উত্তর মুরারীকাটি পালপাড়া পূজামন্ডপে সাদা তিলের আবরণে তৈরি ব্যতিক্রমী প্রতিমা সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নজর কেড়েছে।