ঝালকাঠির কাঠালিয়ায় মৎস্য বিভাগের অভিযানে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

ঝালকাঠির কাঠালিয়ায় মৎস্য বিভাগের অভিযানে প্রায় ২০ হাজার মিটার ইলিশ ধরার জাল ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বলের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ ছাড়া অভিযানকালে জব্দ করা প্রায় ১২ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।