নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধের লক্ষ্যে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’ একটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে সংগঠনটি জেলা শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে—রিজার্ভ বাজার সিএনজি স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং পাহাড়িকা বাস কাউন্টারের সামনে—পথসভা আয়োজন করে এবং চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে চালকদের অবশ্যই ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। জলপথের ক্ষেত্রে তাঁরা নৌযান চালক ও মালিকদের অতিরিক্ত যাত্রী বা পণ্য পরিবহন না করার আহ্বান জানান; পাশাপাশি যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের প্রাপ্যতা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে নৌ-চলাচল সংক্রান্ত বিধিবিধান কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন।
পথসভায় বক্তব্য রাখেন নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের রাঙামাটি জেলার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, এবং সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজু, নিরাপদ যাত্রা ফাউন্ডেশন রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এসআই মনোয়ার হোসেন, ট্রাফিক পুলিশের সদস্য সহ স্থানীয় চালক এবং সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন। সচেতনতামূলক এই উদ্যোগকে স্থানীয় পথচারী ও চালকরা সাধুবাদ জানান।






























