রাঙামাটি জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার নব নির্মিত ভবনের উদ্বোধন

পার্বত্য মন্ত্রী রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে রোগীদের মানসিক দিক বিবেচনায় রেখে চিকিৎসা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট রাঙামাটি জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।

পার্বত্যমন্ত্রী বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ওয়াটার অ্যাম্বুল্যান্স চালু করা হবে। এছাড়া চিকিৎসকদের জন্য আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হলে তারা আরো স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন। এ বিষয়ে অবকাঠামোগত উন্নয়নেও সরকার পদক্ষেপ গ্রহণ করবে। জনগণের সরকার হিসেবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।

রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রীতিভূষণ বড়ুয়া, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শর্মি চাকমা, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শওকত আকবর।