রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে শুরু হয়েছে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাকমা সার্কেল চীফ ব্যরিস্টার রাজা দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার মো. একরামুল রাহাত পিএসসি, জেলা বন সংরক্ষক আব্দুর আউয়াল সরকার, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষরোপণ উদযাপন কমিটির সদস্য সচিব এস এম সাজ্জাদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি তা সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পাহাড়ে যেসব এলাকায় গাছ নেই সেসব এলাকা চিহ্নিত করে নীতিমালা প্রণয়নের মাধ্যমে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত বলেন, পাহাড়ের গভীরে কাঠ পাচারকারীদের প্রতিরোধে সেনাবাহিনী নিরলস কাজ করছে। প্রতি বছর বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।

আলোচনা সভার শুরুতে বন বিভাগের পক্ষ থেকে বন ও প্রকৃতি সংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয় এবং অতিথিবৃন্দ অনুষ্ঠান স্থলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।
এর আগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে কুমার সমিত রায় জিমনেসিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।






























