বাঘাইছড়িতে বন্যাকবলিত মানুষের মাঝে বিজিবির খাবার বিতরণ

অতিবৃষ্টি রাঙ্গামাটির বাঘাইছড়িতে তৈরি হওয়া বন্যা পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার ৩টি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ১৫০টি পরিবারের ৬০০ মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার ও সুপেয় পানি বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

রোববার (১২ জুলাই) দুপুরে জোন কমান্ডারের নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার বায়তুশ শরফ মাদ্রাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

খাদ্য সহায়তার পাশাপাশি বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা দিতে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিজিবির মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহার নেতৃত্বে এই ক্যাম্পে আড়াইশ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে আমাদের এই মানবিক সহায়তা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।