রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তে ১৫ লাখ টাকার রসুন ও চাঁদের গাড়িসহ আটক ২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কচুছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ১৫ লাখ টাকার রসুন ও চাঁদের গাড়িসহ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজন আসামিকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধীন কচুছড়ি চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন বিনয় চাকমা (২৫), এবং রিপন চাকমা (১৯),। তাঁরা দুজনই বাঘাইছড়ি উপজেলার ভূইয়াছড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, জব্দ করা ৪৪ বস্তা রসুন পরিমাপ করে ১ হাজার ৭১৯ কেজি পাওয়া গেছে। রসুন ও গাড়ির মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা। এ সময় রসুন পরিবহনে ব্যবহৃত চট্টগ্রাম-খ-৩৯৬৩ নম্বরের একটি চাঁদের গাড়িও জব্দ করা হয়।
আটক দুজনকে জব্দ করা মালামাল ও গাড়িসহ বাঘাইছড়ি থানায় মামলা দায়েরের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






























