২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটে বড়ুয়া জনগোষ্ঠীর জন্য বরাদ্ধ রাখার দাবিতে মানববন্ধন

বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই” স্লোগানে মানববন্ধন রাঙ্গামাটি জেলা শাখার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন।

বুধবার (৩ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দপ্তরের মাধ্যমে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে আসন্ন ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটে বরাদ্ধ রাখার দাবিতে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন রাঙামাটি জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, বিপ্লবী ওয়ার্কস পার্টি, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জননেতা জুঁই চাকমা, সিনিয়র আইনজীবি এডভোকেট শাহ্ আলম। এসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা দাবি সমূহ উল্লেখ করে বলেন:- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সহ তিন পার্বত্য জেলা পরিষদে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করা। তিন পার্বত্য জেলা বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধিকে জাতীয় সংসদে প্রতিনিধি করার দাবিও জানান। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসাবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা থেকে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি মূল্যায়ন কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তাকারী উপদেষ্টা কমিটি, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বোর্ড সভায়, তিন পার্বত্য জেলা প্রশাসনে আইন শৃংখলা কমিটিতে, তিন পার্বত্য জেলার ২৬টি উপজেলা প্রশাসনে আইন শৃংখলা কমিটিতে, তিন পার্বত্য জেলার পৌরসভার শহর উন্নয়ন কমিটিতে বিশেষ বিবেচনায় বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।

মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন তারা।