রাঙামাটিতে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ এর দায়িত্ব গ্রহণ

রাঙ্গামাটিতে নবাগত রিজিয়ন কমান্ডারের আগমন ও রিজিয়ন কমান্ডারের বিদায় উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রাঙ্গামাটি রিজিয়নের আয়োজনে সেনাবাহিনী রিজিয়নের প্রান্তিক হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের বিদায়ী রিজিয়ন কমান্ডার (৩০৫ পদাতিক) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, নবাগত রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার (৩০৫ পদাতিক ব্রিগেড) ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিএসসি, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার মো: একরামুল রাহাত, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু, জেলা জামায়াতের আমির মো: আব্দুল আলীম সহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিদায়ী রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, রাঙামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী এই অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “এখানে আমার ২০ মাসের দায়িত্ব পালনকালে আমি সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি।” তিনি সবার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং নতুন রিজিয়ন কমান্ডারকেও একই ধরনের সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
এ সময় রাঙ্গামাটি রিজিয়নের নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ বলেন, সেনাবাহিনীর দায়িত্ব পালনের শুরুর দিকে পার্বত্য চট্টগ্রামে আমার কাজ করার সুযোগ হয়েছে।
সেই হিসেবে পার্বত্য চট্টগ্রামে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। রাঙ্গামাটি সকল প্রশাসন ও দায়িত্বশীল সকলকে নিয়ে রাঙ্গামাটির সম্প্রীতি ও উন্নয়নে কাজ করবো। নতুন দায়িত্ব পালনে সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।






























