ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শীতে অসহায়দের কম্বলের আশায়

ময়মমসিংহ জেলার ঈশ্বরগঞ্জের ইউএনও অফিসের বারান্দায় সরকারি কম্বল পাওয়ার আশায় অপেক্ষা করতে দেখা গেছে দুস্থ অসহায় লোক জনকে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস বারান্দায় কয়েকজন বয়োবৃদ্ধ মহিলাদেরকে কম্বলের আশায় ভিড় করতে দেখা যায়।এখানে কম্বল দেয়া হয়না’বলে তাদেরকে চলে যেতে বলেন অফিসের কর্মচারীরা।
আশাহত হয়ে বাড়ি ফেরার পথে কথা হয় হাজেরা নামের (৭৫) বছরের এক মহিলার সাথে।তিনি বলেন,বাবা অনেক শীত।শীতে খুবই কষ্ট করতাছি। টিইউনোর (ইউএনও)বারাত(কাছে) আইছিলাম একটা কম্বলের লাইগ্যা, কিন্তু এত্তক্ষণ বইয়া থাকইক্যাও কম্বলও পাইলাম না-টিএনওরেই পাইলাম না।
চরনিখলা গ্রামের সত্তোরোর্ধ আঃ মতিন এর সাথে কথা হলে তিনি বলেন, তিন দিন ধইরা একটা কম্বলের লাইগ্যা আইতাছি কম্বল আর পাইলাম না। আপনারা একটা কম্বল লইয়্যা দিতার বাইন? মাইজবাগ ইউনিয়নের আবুল হোসেন বলেন,এখন শীতে মানুষ কষ্ট করতেছে কিন্তু কম্বল বিতরণের কোনো সাড়া শব্দ নাই।
শীতে যদি কম্বল না দেয় তাইলে গরমে কম্বল দেয়া কি অইবো?নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি বলেন এবার আমাদেরকে কোনো কম্বল বরাদ্দ দেয়া হয়নি।ইউএনও অফিস থেকে কম্বল বিতরণ করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলাল উদ্দিন বলেন, ৬ লাখ টাকায় কোটেশনের মাধ্যমে ১১শ কম্বল কেনা হয়েছে। কতগুলো কম্বল বিতরণ হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএনও মহোদয় বলতে পারবেন।ইউএনও সানজিদা রহমান বলেন, আমি রাতে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রকৃত দুস্থ অসহায় মানুষকে দু থেকে আড়াইশত কম্বল বিতরণ করেছি।এ কার্যক্রম চলমান রয়েছে।






























