রাঙ্গামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে জেলার সাপছড়ি এলাকায় ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার উদ্দেশে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি নানিয়ারচর থেকে চট্টগ্রামের দিকে রওনা দেয়। পথে সাপছড়ি এলাকার একটি ঢালু অংশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। জানা যায়, দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যান।

কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে দেখা যায়, স্থানীয়রা ইতোমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। গাড়ির ভেতরে কেউ আটকা পড়েনি বলে নিশ্চিত করেছেন তিনি।

রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, বাসটিতে থাকা অনেকেই আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, আহত ২০ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে। ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।