শিশুশ্রম বন্ধে যথাযথ আইন প্রয়োগ করা উচিত: নিরূপা দেওয়ান

“শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি” এই প্রতিপাদ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন রাঙামাটি সনাকের সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা, টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সদস্য নিরূপা দেওয়ান, সদস্য সীমা দেওয়ান।
সনাকের প্রাক্তন সভাপতি নিরূপা দেওয়ান বলেন, শিশুশ্রম বন্ধ করতে বিভিন্ন অফিস ও কারখানায় অভিযান চালানো জরুরি। শিশুশ্রম বন্ধ করার জন্য যে আইনগুলো রয়েছে, সেগুলো যথাযথভাবে প্রয়োগ করা উচিত।
সনাকের বর্তমান সভাপতি প্রফেসর বঞ্চিতা চাকমা বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে শিশুরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত। আর্থিক দিক থেকে দারিদ্র্য ও নানা কারণে শিশুরা শিশুশ্রমে জড়িত। কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে শিশুদের মাদক ব্যবসার মতো জঘন্য কাজের সাথে যুক্ত করছে।
কোনোভাবেই শিশুদের শিশুশ্রমে জড়িত করা উচিত নয়। তাদের মৌলিক চাহিদা পূরণ করার এবং সমাজে ভালোভাবে জীবনযাপন করার সুযোগ থাকা উচিত।






























