নারীর নিরাপত্তা নিশ্চিত করে সম-অধিকার প্রতিষ্ঠা করতে হবে: প্রফেসর বাঞ্ছিতা চাকমা

নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে (৮ মার্চ) সকাল ১০টায় জেলা পরিষদ এনেক্স ভবনে জেলা পরিষদ, সচেতন নাগরিক কমিটি ও প্রো বেটার লাইফ পিবিএল এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটির (সনাক) রাঙ্গামাটি সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা।

প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে নারীদের নাগরিক হিসেবে গ্রহণ করা সবার আগে গুরুত্বপূর্ণ। নারীর নিরাপত্তা নিশ্চিত করা গেলেই কেবল সমান অধিকার সহ অন্যান্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

তিনি আরো বলেন, ‘পুরুষতান্ত্রিক সমাজে নারীরা পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তা পরিবার থেকেই। সমাজে নারীদের প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ এবং ক্ষমতায়ন প্রয়োজন। প্রতিটি ক্ষেত্রেই নারীর কাজের যথাযথ স্বীকৃতি প্রয়োজন।

জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ দেওয়ান বলেন, নারী দিবস কেবল উদযাপনের দিন নয়; এটি একটি সামাজিক আন্দোলন। তিনি নারীদের পিছিয়ে রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

‎এসভায় বক্তব্য রাখেন, ইয়েস সদস্য নিশা চাকমা, পিবিএল প্রতিনিধি নুকু চাকমা, জেলা পরিষদ সদস্য অ্যাড. লুৎফুন্নেসা বেগম বিথী, উইভের নির্বাহী পরিচালক ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নাই উ প্রু মারমা মেরী, জেলা পরিষদ সদস্য বৈশাালী চাকমা, সনাক সদস্য অঞ্জুলিকা খীসা প্রমুখ।