পিসিসিপি’র শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যােগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) শহরের কাঠালতলী মসজিদের সামনে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পিসিএনপি রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পিসিসিপি সদর উপজেলা শাখার সভাপতি হারুন, সাধারণ সম্পাদক রিমন প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষায় ও আর্তমানবতার সেবায় পিসিসিপি এমন মহতি কার্যক্রম চালিয়ে যাবে। পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে পিসিসিপি’র আন্দোলন সংগ্রাম চলমান রাখার পাশাপাশি নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে সব সময় থাকবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।





























