রাঙ্গামাটিতে ৪০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ৬ জন গ্রেফতার

রাঙ্গামাটিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ৪১,০০০ একচল্লিশ হাজার টাকা উদ্ধারসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম রাঙ্গামাটি পৌরসভার ০৭ নং ওয়ার্ডস্থ কাঁঠালতলীর ( ধোপাপাড়া ) এলাকায় মাদক ব্যবসায়ী সজল দাশের বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আসামিগণকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন :- সজল দাশ ( ৩৪ ), হৃদয় দাশ ( ২৫ ), মোঃ সাইফুল ইসলাম ( ৩০ ), বৃন্দাবন বড়ুয়া (৩১), সুমন দাশ ( ৩৫ ), কাজল দাশ ( ২৬ )।গ্রেপ্তারকৃত সকলেই কাঁঠালতলী ( ধোপাপাড়া ) ও আশপাশ এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী সজল দাশের স্ত্রী রীতা দাশ এবং মাদক ব্যবসায়ী (শুভ) ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।