২৬৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি: কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) রাঙ্গামাটি ও চট্টগ্রাম ২টি জেলার ৭টি উপজেলায় বেইজ ক্যাম্পের মাধ্যমে ২৬৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।
রবিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া ব্যাটালিয়নের সদর দপ্তরে এক প্রেস কনফারেন্সে তিনি এই তথ্য জানান। এসময় কাপ্তাই ৪১ বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আশরাফুল ইসলামসহ বিজিবির সদস্যসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা ক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
তিনি জানান, উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।






























