সাজেকের সংকট নিরসনে বাঘাইহাটে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে আলোচনা করতে বাঘাইহাট পৌঁছেছে সরকারের উচ্চপর্যায়ের মধ্যস্থতাকারী প্রতিনিধিদল। সোমবার (২৬ অক্টোবর) সকালে রাঙ্গামাটি থেকে রওয়ানা হয়ে খাগড়াছড়ি হয়ে দুপুর ১টার দিকে বাঘাইহাটে পৌঁছান তারা।
প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। দলে রয়েছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসক, দুই জেলার পুলিশ সুপারসহ স্থানীয় কার্বারিরা ও উচ্চপর্যায়ের কোর কমিটির সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজেকে চলমান সড়ক অবরোধ ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করে সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সোমবার বিকেলে প্রতিনিধিদলের সাজেকের উজোবাজার এলাকা পরিদর্শন এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।
এদিকে সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হেডম্যান ও কার্বারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন এবং সাজেকে সাম্প্রতিক ঘটনার মধ্যস্থতাকারী কমিটির তিন সদস্য।
এ ছাড়া বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার হেডম্যান ও কার্বারী, বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাজেকে চলমান অবরোধের কারণে পর্যটন ও যোগাযোগব্যবস্থায় অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে প্রতিনিধিদলের এই সফরকে সংকট নিরসন এবং এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।






























