পাহাড়ের আলোকবর্তিকা চারণ সাংবাদিক মরহুম আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদের স্মরণ সভা

চারণ সাংবাদিক মরহুম আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ এর ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার একরামুল রাহাত, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোছাইন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনূর রশীদ মামুন, দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ফজলে এলাহি, দৈনিক গিরিদর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নন্দন দেবনাথ, দৈনিক গিরি দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক মিল্টন বাহাদুর।অনুষ্ঠানে জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা স্মৃতি চারণ করে বলেন, পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার ইতিহাসে এ কে এম মকছুদ আহমেদ এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি শুধু একজন সংবাদকর্মী ছিলেন না, ছিলেন এই পার্বত্য অঞ্চলের মানুষের সুখ দুঃখের অকৃত্রিম ভাষ্যকার, সাংবাদিকতার এক অনন্য আলোকবর্তিকা। পার্বত্য চট্টগ্রামের সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাসে অবিস্মরণীয় পথিকৃৎ হিসেবে এ কে এম মকছুদ আহমেদ চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

ব্যক্তি স্বার্থ নয়, মানুষের অধিকার ও সত্য প্রকাশই ছিল এ কে এম মকছুদ আহমেদ সাংবাদিকতার মূল দর্শন। তাঁর দীর্ঘ কর্মজীবন নতুন প্রজন্মের সংবাদকর্মীদের জন্য অনন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে চারণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।